BNP জামায়াত রাজনৈতিক আপডেট নিয়ে দেশের রাজনীতিতে প্রতিদিন নতুন ঘটনাবলি ঘটছে। আজকের
প্রতিবেদনে আমরা তুলে ধরছি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সর্বশেষ আন্দোলন ও নেতাদের মন্তব্য, যা রাজনৈতিক বিশ্লেষণ
এবং সাধারণ পাঠক উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত এই আপডেটগুলো আপনাকে বিএনপি-জামায়াতের
রাজনৈতিক গতিপ্রকৃতি বুঝতে সাহায্য করবে এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ সম্পর্কে সচেতন
রাখবে।
২৬১। নারীদের কর্মঘণ্টা কমানোর পরিকল্পনার কথা জানালেন জামায়াত আমির (BNP জামায়াত রাজনৈতিক আপডেট)
৫ফ্রেরুয়ারী ২০২৬ইং সকাল ১০টা
কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য নিয়ে
আলোচনা চলছে। দলের নির্বাচনী ইশতেহারে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে
তিনি এ বিষয়ে পরিকল্পনার কথা জানান।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান
বলেন, নারীদের কর্মঘণ্টা নির্ধারণে দলটির একটি পর্যায়ক্রমিক পরিকল্পনা রয়েছে। তিনি জানান, একজন নারী যত
ঘণ্টা শিল্পকারখানা বা প্রতিষ্ঠানে কাজ করবেন, সেই সময়ের মজুরি মালিকপক্ষ দেবে এবং অতিরিক্ত সময়ের ব্যয়
সরকার বহন করবে।
ইশতেহারে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে ‘আমার আয়ের সংসার’ নামে একটি প্রকল্প নেওয়ার কথা বলা
হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে নারীদের নিজস্ব আয় নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা
হয়েছে। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি নিশ্চিতের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জামায়াত আমির বিভিন্ন গণ–আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, দলটি একটি নৈতিক,
জনবান্ধব ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
২৬ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা জামায়াতের ইশতেহারে (BNP জামায়াত রাজনৈতিক আপডেট)
নির্বাচনী ইশতেহারে ২৬টি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। ‘জাতীয় স্বার্থে
আপসহীন বাংলাদেশ’ স্লোগানের আলোকে দলটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক
মানবিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছে।
ইশতেহারে যুবকদের ক্ষমতায়ন, নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণমূলক রাষ্ট্র, মাদক–সন্ত্রাসমুক্ত
নিরাপদ বাংলাদেশ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি কৃষি, শিল্প, প্রযুক্তি ও
ম্যানুফ্যাকচারিং খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করা হয়েছে।
সরকারি চাকরিতে বিনা মূল্যে আবেদন, মেধাভিত্তিক নিয়োগ, ব্যাংকসহ আর্থিক খাত সংস্কার, বিনিয়োগবান্ধব
অর্থনীতি গঠন এবং সমানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ সুষ্ঠু গণতন্ত্র নিশ্চিতের কথাও রয়েছে
ইশতেহারে।
এ ছাড়া কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, ২০৩০ সালের মধ্যে ভেজালমুক্ত খাদ্যনিরাপত্তা, পরিবেশগত ‘তিন শূন্য
ভিশন’, শিল্পায়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্রবাসীদের ভোটাধিকার, সবার নাগরিক অধিকার প্রতিষ্ঠা, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থার সংস্কার, দ্রব্যমূল্য
নিয়ন্ত্রণ, উন্নত যোগাযোগব্যবস্থা ও স্বল্পমূল্যের আবাসন নিশ্চিত করার লক্ষ্যও তুলে ধরা হয়।
ইশতেহারে আরও বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ, সর্বজনীন সামাজিক নিরাপত্তা চালু, সুশাসন
প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
সমালোচনার মুখে জামায়াত আমির: ‘চারদিক থেকে আক্রমণ চলছে’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে
প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করে কয়েক দিন ধরে আলোচনা–সমালোচনা চলছে। জামায়াতের পক্ষ থেকে
জানানো হয়েছে, সংশ্লিষ্ট পোস্টটি হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল।
এই প্রসঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তিনি নিজেকে একজন “আহত সৈনিক”
মনে করছেন এবং সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে চারদিক থেকে আক্রমণ চালানো হচ্ছে। তবে তিনি কোনো
প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেবেন না বলেও জানান। তাঁর ভাষায়, যারা অন্যায়ভাবে তাঁর চরিত্র হনন করেছেন, তিনি
তাঁদের সবাইকে ক্ষমা করে দিচ্ছেন।
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে
ইসলাম পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ ১১–দলীয় নির্বাচনী জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘ ও ইউএনডিপিসহ আন্তর্জাতিক
সংস্থার কূটনীতিকদের উপস্থিতির কথাও জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।
সুত্রঃ প্রথম আলো
ট্যাগ: জামায়াতে ইসলামী, জামায়াত আমির, শফিকুর রহমান, বিএনপি–জামায়াত রাজনীতি, রাজনৈতিক সমালোচনা, এক্স পোস্ট বিতর্ক, সামাজিক যোগাযোগমাধ্যম, বাংলাদেশের রাজনীতি, নির্বাচন ও রাজনীতি, সর্বশেষ রাজনৈতিক খবর।
সম্পাদক
মোঃ নাইয়ার আযম,সহকারী অধ্যাপক(পদার্থবিজ্ঞান),মজিদা খাতুন মহিলা কলেজ, রংপুর।

নাইয়ার আযম একজন নিবেদিতপ্রাণ পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক। তিনি মজিদা খাতুন মহিলা কলেজ,রংপুর এ কর্মরত আছেন এবং Studentbarta.com-ওয়েব সাইডের সম্পাদক। তিনি শিক্ষা ও অনলাইন শিক্ষার প্রতি গভীরভাবে অনুরাগী এবং নিয়মিতভাবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার মতো চিন্তাশীল লেখা প্রকাশ করেন। তার শিক্ষা জীবন শুরু হয় ক্যান্ট পাবলিক স্কুল থেকে এবং পরবর্তীতে তিনি কারমাইকেল কলেজ, রংপুর-এ উচ্চশিক্ষা গ্রহণ করেন। বর্তমানে রংপুর সিটি-তে বসবাসরত নাইয়ার আযম সবসময় শিক্ষা, অনলাইন লার্নিং এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আগ্রহী। পদার্থবিজ্ঞানের জ্ঞানকে সহজবোধ্যভাবে উপস্থাপন এবং আধুনিক শিক্ষার সুযোগ প্রসারে তিনি বিশেষভাবে কাজ করে যাচ্ছেন।

